১৫০ টাকার ‘গুপ্ত কর’! প্রতিবাদ করলেই বাস জব্দ, অবশেষে শ্রীঘরে কাটোয়ার দাপুটে তৃণমূল নেতা

কাটোয়ায় তৃণমূলের শ্রমিক নেতা গ্রেফতার: বাস মালিকদের কোটি টাকা আত্মসাতের অভিযোগ
বাস মালিক সংগঠনের টাকা তছরুপ, তোলাবাজি এবং বাসের পারমিট পাইয়ে দেওয়ার নামে দুর্নীতির অভিযোগে পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রভাবশালী নেতা নারায়ণ চন্দ্র সেন ওরফে নারু সেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কাটোয়া স্টেশনবাজার এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেফতারের পর রবিবার কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। ভুক্তভোগী বাস মালিকদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বাসের পারমিট পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়েছেন তিনি। টাকা ফেরত চাইতে গেলে ওই নেতা মালিকদের অপমান ও এলাকাছাড়া করার হুমকি দিতেন বলে অভিযোগ রয়েছে।
বাস মালিকদের দাবি, কাটোয়া বাসস্ট্যান্ডে যাতায়াতকারী প্রতিটি বাস থেকে প্রতিদিন ১৫০ টাকা করে তোলা আদায় করা হতো, যার কোনো সঠিক হিসাব নেই। ২০০৫ সাল থেকে সমিতির চাঁদার নামে টাকা নেওয়া হলেও দীর্ঘ সময়ে তার কোনো হিসাব দেওয়া হয়নি। কেউ তোলা দিতে আপত্তি জানালে বাস স্ট্যান্ডে আটকে রেখে রুটে চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগও উঠেছে। বর্তমানে ভুক্তভোগী বাস মালিকরা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ধৃত নেতা। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।