নিজের দলেরই ২৭ সদস্যের বিদ্রোহ, মহাযুদ্ধ নদীয়ায়! চেয়ার খোয়াচ্ছেন তৃণমূলের সভাধিপতি?

নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীরের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা। সোমবার জেলা পরিষদের ৪৬ জন তৃণমূল সদস্যের মধ্যে ২৭ জন সদস্য স্বাক্ষর করে এই অনাস্থা প্রস্তাবের চিঠি প্রেসিডেন্সি ডিভিশনের ডিভিশনাল কমিশনার এবং জেলাশাসকের দপ্তরে জমা দিয়েছেন। এই স্বাক্ষরকারীদের মধ্যে চারজন প্রভাবশালী কর্মাধ্যক্ষও রয়েছেন। এই ঘটনার ফলে নদীয়ার তৃণমূল রাজনীতিতে তীব্র অস্বস্তি ও ডামাডোল তৈরি হয়েছে।

মৎস্য কর্মাধ্যক্ষ তুহি ঘোষ চৌধুরীর নেতৃত্বে আনা এই অনাস্থা প্রস্তাবের নেপথ্যে সভাধিপতির বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ কাজ করছে বলে জানা গেছে। অভিযোগ, সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ সভায় তুহি ঘোষ চৌধুরীকে আমন্ত্রণ না জানানো এবং তাঁকে সভাধিপতির কক্ষ থেকে বেরিয়ে যেতে বলায় পরিস্থিতির অবনতি ঘটে। এর আগে দলের হস্তক্ষেপে সমস্যা মিটে গেলেও এবার কৃষ্ণনগরের সাংসদ ও জেলা সভাপতি মহুয়া মৈত্রর মধ্যস্থতার চেষ্টাও ব্যর্থ হয়েছে। বর্তমান পরিস্থিতিতে জেলাশাসক শ্রীকান্ত পল্লি জানিয়েছেন, নথিপত্র খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তবে এই বিষয়ে সভাধিপতি তারান্নুম সুলতানা মীর আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *