সৌরভ গঙ্গোপাধ্যায়ের মানহানির মামলা! কার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন মহারাজ?
সোশ্যাল মিডিয়ায় নিজের বিরুদ্ধে লাগাতার কুৎসা ও অপপ্রচারের অভিযোগে কলকাতা পুলিশের দ্বারস্থ হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। নিজের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে তিনি ঠাকুরপুকুর থানায় একটি লিখিত মানহানির অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ‘সৌরভ গঙ্গোপাধ্যায় ফ্যানস’ নামের একটি ফেসবুক পেজ এবং একটি স্পোর্টস ওয়েবসাইটের নাম উল্লেখ করেছেন তিনি। ৩৬ লক্ষেরও বেশি অনুসারী থাকা ওই ফেসবুক পেজটি নিজেদের সৌরভের অফিসিয়াল ফ্যান পেজ বলে দাবি করে প্রতিনিয়ত তাঁর বিরুদ্ধে বিভ্রান্তিকর ও আপত্তিকর তথ্য প্রচার করছে বলে অভিযোগ।
এই বিতর্কিত প্রচারের সূত্রপাত হয় একটি রাজনৈতিক গুঞ্জনকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হয়েছিল যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানকে পদত্যাগ করতে বলেছেন, যাতে ওই আসনে সৌরভ গঙ্গোপাধ্যায় উপনির্বাচনে প্রার্থী হতে পারেন। এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ফেক নিউজ বলে খারিজ করেছেন সৌরভ। তিনি স্পষ্ট জানিয়েছেন, এ ধরণের কোনো বার্তা তাঁকে দেওয়া হয়নি এবং ইউসুফ পাঠানের সঙ্গে তাঁর এনিয়ে কোনো আলোচনাও হয়নি। আবেদনের প্রেক্ষিতে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।