ফের বড় ধাক্কা ‘ডায়মন্ড হারবার মডেল’-এ, পুলিশের জালে অভিষেক ঘনিষ্ঠ শিক্ষক নেতা মইদুল!

ডায়মন্ড হারবারে আটক তৃণমূলের শিক্ষক নেতা মইদুল ইসলাম
মঙ্গলবার সকালে ডায়মন্ড হারবার থানার পুলিশ নেতড়া এলাকা থেকে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী শিক্ষক নেতা মইদুল ইসলামকে আটক করেছে। ২০২২ সালে দায়ের হওয়া একটি আত্মহত্যায় প্ররোচনার মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই পুরনো মামলার তদন্তে নতুন কিছু তথ্য উঠে আসার পরই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠনের সঙ্গে যুক্ত মইদুল ইসলাম তৃণমূলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তাঁর এই আটকের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বর্তমানে তাঁকে থানায় রেখে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাঁকে গ্রেপ্তার করা হবে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।