৭ কোটির দুর্নীতি আর গোঁফ কামিয়ে পালানোর ছক! অবশেষে জালে তৃণমূল নেতা
হুগলির আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা স্বপন নন্দীকে গ্রেফতার করেছে হুগলি গ্রামীণ পুলিশের বিশেষ তদন্তকারী দল (এসআইটি)। গ্রিন সিটি প্রকল্পের কোটি কোটি টাকা নয়ছয়ের অভিযোগে তাকে কেরল থেকে গ্রেফতার করা হয়। তদন্তে উঠে এসেছে, আইন থেকে বাঁচতে তিনি গোঁফ কামিয়ে ভোল বদলে মালদ্বীপে পালানোর ছক কষেছিলেন। সোমবার তাকে চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
তদন্তকারীদের দাবি, আরামবাগ পুরসভায় ৭ কোটি ৪০ লক্ষ টাকার সোলার প্যানেল প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। অযোগ্য সংস্থাকে বরাত দিয়ে কাজ না করেই সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। এছাড়া, প্রাক্তন চেয়ারম্যান তার আমলের গুরুত্বপূর্ণ তথ্য ও নথিপত্র পুরসভার কম্পিউটার থেকে মুছে ফেললেও আধুনিক প্রযুক্তির সাহায্যে তা পুনরুদ্ধার করেছেন তদন্তকারীরা। ঘটনার সূত্রপাত বর্তমান পুরপ্রধান সমীর ভাণ্ডারীর দায়ের করা অভিযোগ থেকে। এদিকে, স্বপন নন্দী নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, তিনি চিকিৎসার জন্য কেরলে গিয়েছিলেন এবং তাকে রাজনৈতিক চক্রান্তে ফাঁসানো হচ্ছে।