মহিলা সাংসদদের অপমান, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার চেয়ে স্পিকারকে চিঠি কাকলির!

সংসদের অন্দরে মহিলা সাংসদদের প্রতি ‘আপত্তিকর ও অসম্মানজনক’ মন্তব্য করার অভিযোগে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্পিকার ওম বিড়লার কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বারাসাতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার দাবি করেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁকে ব্যক্তিগতভাবে টার্গেট করার পাশাপাশি অন্যান্য মহিলা সাংসদদের নিয়েও নারীবিদ্বেষী মন্তব্য করে চলেছেন। তাঁর অভিযোগ, এই ধরণের আচরণ সংসদীয় রীতিনীতি ও লোকসভার ৩৪৯ নম্বর ধারার পরিপন্থী, তাই অভিযুক্ত সাংসদকে লোকসভা থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন তিনি।

এই অভিযোগের প্রেক্ষিতে পালটা প্রতিক্রিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিজের দীর্ঘদিনের সংসদীয় অভিজ্ঞতার কথা তুলে ধরে কাকলি ঘোষ দস্তিদারের সমালোচনা করেছেন। দীর্ঘ সময় সংসদীয় দলের মুখ্যসচেতক থাকার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, সংসদীয় আচরণবিধি সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল। একইসঙ্গে তিনি বারাসাতের সাংসদের দিকে ইঙ্গিত করে অতীতে রাজ্য রাজনীতিতে আলোচিত ‘নারদ কেলেঙ্কারি’ ও ‘সিন্ডিকেট’ সংক্রান্ত অভিযোগ তুলে তীব্র কটাক্ষ করেছেন। সংসদের অধিবেশন শুরুর প্রাক্কালে দলের দুই প্রবীণ সাংসদের এই সংঘাত জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *