পাহাড়ে পর্যটক নই, কাজ করতে এসেছি! কার্শিয়াং থেকে হুঙ্কার শুভেন্দুর
কার্শিয়ংয়ের এক জনসভা থেকে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাহাড় ও উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে নিশানা করে তিনি বলেন, আগের সরকার পাহাড়ের জন্য কাজ না করলেও, তাঁর সরকার দ্রুত উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়ন করবে। এ সময় তিনি পাহাড়ের চা বাগান এবং তরাই-ডুয়ার্স অঞ্চলের সার্বিক উন্নতির পাশাপাশি কেন্দ্রের জনমুখী প্রকল্পগুলো পাহাড়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
জিটিএ-এর শিক্ষক নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী জানান, ভবিষ্যতে স্বচ্ছতা বজায় রেখে পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হবে। একইসঙ্গে তিনি কালিম্পংয়ে নতুন মেডিক্যাল কলেজ স্থাপন, কার্শিয়ং হাসপাতালের আধুনিকীকরণ ও ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলে (EFR) নতুন নিয়োগের ঘোষণা দেন। জনসভার পর মুখ্যমন্ত্রী কার্শিয়ংয়ে আয়োজিত তিন দিনব্যাপী সরকারি ‘জনকল্যাণ শিবিরে’ যোগ দেন, যেখানে বিভিন্ন সামাজিক সুরক্ষা ও নাগরিক পরিষেবা সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিশাল লামা, অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং সাংসদ রাজু বিস্তা।