প্রধানমন্ত্রীর সফরের আগে তিলোত্তমায় গঙ্গা সাফাই অভিযানে মুখ্যমন্ত্রী!

বুধবার সকালে কলকাতার বাগবাজার মায়ের ঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে একটি বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি সূচিত হয়েছে। মুখ্যমন্ত্রী নিজে হাতে ঝাঁটা তুলে নিয়ে ঘাট পরিষ্কারের কাজ শুরু করেন। এদিনের কর্মসূচিতে তার সঙ্গে অংশ নেন মন্ত্রী অগ্নিমিত্রা পল, তাপস রায়, বিধায়ক রীতেশ তিওয়ারি এবং কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য সফরকে কেন্দ্র করে রাজ্য সরকার ও কলকাতা পুরসভা ‘স্বচ্ছতাকে স্বাগত’ শীর্ষক পাঁচ দিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে। এর আওতায় গঙ্গার ঘাট ছাড়াও কলকাতার বিভিন্ন মন্দির, নাখোদা মসজিদ ও বাজার এলাকায় সাফাই অভিযান চালানো হবে। এছাড়া, এই অভিযানের মাধ্যমে গঙ্গা দূষণ রোধে ‘নমামি গঙ্গে’ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান সরকার গঙ্গার নাব্যতা রক্ষা ও শহরকে নিয়মিত পরিচ্ছন্ন রাখার প্রয়াসকে প্রশাসনের অন্যতম অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *