হায়দরাবাদে ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ, উদ্বোধনের আগেই তুঙ্গে রাজনৈতিক তরজা!

ভারতের তথ্যপ্রযুক্তি নগরী হায়দরাবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে একটি রাস্তার উদ্বোধন হতে চলেছে। তেলেঙ্গানার কংগ্রেস সরকার শহরের মার্কিন দূতাবাসের কাছের একটি গুরুত্বপূর্ণ রাস্তাকে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ হিসেবে ঘোষণা করেছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন চলতি মাসের শেষেই হওয়ার কথা রয়েছে। নগরীটিকে বিশ্বমঞ্চে একটি আধুনিক ব্যবসা ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে তুলে ধরার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। একই পরিকল্পনার অংশ হিসেবে রাভিরিয়ালার গ্রিনফিল্ড রেডিয়াল রিং রোডের নাম প্রয়াত শিল্পপতি রতন টাটার নামে এবং শহরের আরও কিছু রাস্তার নাম ‘গুগল স্ট্রিট’, ‘মাইক্রোসফট রোড’ ও ‘উইপ্রো রোড’ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন।

তবে সরকারের এই আন্তর্জাতিক ব্র্যান্ডিং কৌশলের তীব্র বিরোধিতা করছে বিরোধী দল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা বান্দি সঞ্জয় কুমার এই সিদ্ধান্তকে ‘ট্রেন্ডিংয়ে গা ভাসানো’ বলে কটাক্ষ করেছেন এবং শহরটির নাম পরিবর্তনের পুরনো দাবি নতুন করে সামনে এনেছেন। এই রাজনৈতিক সমালোচনা সত্ত্বেও তেলেঙ্গানা সরকার নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি প্রতিষ্ঠান ও বিদেশি ব্যক্তিবর্গের নামে এই নামকরণের মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আকর্ষণ করার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা করছে রাজ্য সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *