অবশেষে পুলিশের জালে উত্তর ২৪ পরগনার দাপুটে তৃণমূল নেতা শাহানুর!

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা শাহানুর মণ্ডলকে নানা অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এক গোপন অভিযানের পর বুধবার সকালে হাসনাবাদ ও বসিরহাট পুলিশ জেলার স্পেশাল অপারেশন গ্রুপ তাঁকে সাকচুড়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। বর্তমানে ধৃত নেতা হাসনাবাদ থানায় রয়েছেন এবং বুধবারই তাঁকে বসিরহাট আদালতে পেশ করার কথা রয়েছে। তাঁর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বসিরহাটের বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উল্লাস প্রকাশ করতে দেখা যায়।

শাহানুর মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিনের একাধিক গুরুতর অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভোট পরবর্তী হিংসা, তোলাবাজি এবং সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচারের অভিযোগ রয়েছে। এছাড়া টাকির ঐতিহাসিক জমিদার বাড়ির সদস্যদের পৈতৃক জমি ও বাড়ি জবরদখল এবং নদী ভরাট করে অবৈধ হোটেল, রিসর্ট ও পার্ক তৈরির মতো পরিবেশবিরোধী কর্মকাণ্ডে তাঁর নাম জড়িয়েছে। এই প্রভাবশালী নেতার গ্রেপ্তারের ফলে স্থানীয় রাজনীতিতে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং জেলা পরিষদের প্রশাসনিক স্তরে খাদ্য কর্মাধ্যক্ষের পদটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *