জনকল্যাণ শিবিরে মানুষের ঢল, সময়সীমা বাড়ালেন মুখ্যমন্ত্রী!

রাজ্যজুড়ে আয়োজিত জনকল্যাণ শিবিরগুলোতে মানুষের ব্যাপক ভিড় ও আবেদনের আগ্রহের কথা বিবেচনা করে শিবিরের সময়সীমা আরও একদিন বাড়ানোর ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই শিবির শেষ হওয়ার কথা থাকলেও এখন তা বৃহস্পতিবার পর্যন্ত চলবে। ফলতায় নিজের প্রথম জনকল্যাণ শিবিরে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। বর্তমানে রাজ্যজুড়ে প্রায় ১১০০টি জনকল্যাণ শিবিরের মাধ্যমে আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা ও সূর্য ঘর যোজনাসহ মোট ৫৪টি প্রকল্পের আবেদন গ্রহণ করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী জানান, অত্যন্ত কম সময়ের মধ্যে সব প্রান্তিক এলাকায় কাজ সম্পন্ন করা সম্ভব না হওয়া এবং সাধারণ মানুষের দীর্ঘ লাইনের বিষয়টি গুরুত্ব দিয়েই সময়সীমা বৃদ্ধির এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি তিনি অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাওয়ার ক্ষেত্রে নিয়মের কড়াকড়ির বিষয়টি স্পষ্ট করেছেন। নতুন নিয়ম অনুযায়ী, যে সমস্ত পরিবারের সন্তানরা সরকারি, সরকার পোষিত বা সরকারি অনুমোদিত বেসরকারি স্কুলে পড়াশোনা করে, কেবল তারাই এই সুবিধার অন্তর্ভুক্ত হবেন। অনুমোদনহীন বেসরকারি স্কুলে পাঠরত শিক্ষার্থীদের পরিবারগুলো এই যোজনার সুবিধা পাবে না বলে তিনি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *