সব্যসাচীর ৫টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, নিউটাউনে মিলল কোটি টাকার সম্পত্তির হদিস!
তোলাবাজির মামলায় ধৃত তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের বিরুদ্ধে তদন্তে নেমে তাঁর পাঁচটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে রাজ্য পুলিশ। এই অ্যাকাউন্টগুলিতে মোট ১ কোটি ৭০ লক্ষ টাকা গচ্ছিত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পাশাপাশি, ব্যাংকে থাকা তাঁর দুটি লকারের হদিস পেয়েছেন তদন্তকারীরা, যেখানে বিপুল পরিমাণ সোনা বা গুরুত্বপূর্ণ নথি থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। এছাড়া নিউটাউনে তাঁর আরও একটি বিলাসবহুল গোপন ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে এবং সব্যসাচীর ব্যবহৃত একটি বিলাসবহুল স্করপিও গাড়ি ইতোমধ্যে বাজেয়াপ্ত করা হয়েছে।
সব্যসাচী দত্ত গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাঁর স্ত্রীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পুলিশ জানিয়েছে। তিনি আত্মগোপন করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিউটাউনে হদিশ মেলা ফ্ল্যাট এবং ব্যাংক অ্যাকাউন্টগুলোতে থাকা বিপুল অর্থের উৎস কী এবং তোলাবাজির টাকা অন্য কোনো খাতে বিনিয়োগ করা হয়েছিল কি না, তা নিশ্চিত করতে ধৃত নেতাকে আরও জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।