শিশু ইউনিটের নামে কোটি টাকার দুর্নীতি! গ্রেফতার প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহ
তোলাবাজি ও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রাক্তন মন্ত্রী ও দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহ। আজ কলকাতার ফুলবাগানের ফ্ল্যাট থেকে কোচবিহার থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাঁকে ফুলবাগান থানায় নিয়ে যাওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শেষে ট্রানজিট রিমান্ডে কোচবিহারে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। গ্রেফতারের সময় প্রাক্তন মন্ত্রী দাবি করেন, তিনি এই গ্রেফতারির কারণ সম্পর্কে অবগত নন।
অভিযোগ অনুযায়ী, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর সরকারি হাসপাতালে ‘শিশুমঙ্গল সমিতি’-র নামে ২৫ কোটি টাকা পর্যন্ত তোলা আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। অভিযোগকারী রূপম সাহার দাবি, সংগৃহীত অর্থের তুলনায় হাসপাতালে কাজের পরিমাণ ছিল নগণ্য। এছাড়া, অতীতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার ঘটনা এবং আবাস যোজনার টাকায় ‘কাটমানি’ নেওয়ার মতো একাধিক গুরুতর অভিযোগও তাঁর বিরুদ্ধে রয়েছে। এই হাই-প্রোফাইল গ্রেফতারি রাজ্য রাজনীতি ও উত্তরবঙ্গের সমীকরণে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।