অভিষেকের স্বস্তি শেষ, মধ্যপ্রদেশ হাইকোর্টে জারি গ্রেফতারি পরোয়ানা!
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা এক মানহানির মামলায় জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ওপর থেকে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। বুধবার বিচারপতি প্রমোদ কুমার আগরওয়ালের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দেয়। মামলার শুনানির সময় আবেদনকারী তথা অভিষেকের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত এই সিদ্ধান্ত নিয়েছে। আদালত মনে করছে, আবেদনকারী মামলাটি এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ হারিয়ে ফেলেছেন, যে কারণে তাঁর আবেদনটি খারিজ করে ভোপালের নিম্ন আদালতে অবিলম্বে আদেশের প্রতিলিপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এই আইনি লড়াইয়ের সূত্রপাত ২০২০ সালের নভেম্বরে, যখন কলকাতার এক জনসভায় ইন্দোরের তৎকালীন বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে ‘গুণ্ডা’ বলে মন্তব্য করার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা করেন ওই বিজেপি নেতা। ২০২১ সালে ভোপালের এমপি-এমএলএ আদালতে এই মামলা দায়ের হলে অভিষেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়, যা স্থগিত রাখার আবেদন জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ২০২৫ সালের নভেম্বরে সেই পরোয়ানার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছিল, যা বুধবারের নির্দেশে বাতিল হলো। ইডির তদন্তের মুখে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই নির্দেশ নতুন আইনি জটিলতা ও রাজনৈতিক চাপ বাড়িয়ে তুলল।