E20 পেট্রোলে কি বাতিল হতে পারে আপনার গাড়ির বিমা?

দেশজুড়ে পেট্রোল পাম্পগুলোতে ২০ শতাংশ ইথানল মিশ্রিত ‘E20’ পেট্রোল চালু হওয়ার পর থেকে গাড়িচালকদের মধ্যে বিমা বাতিল হওয়া ও ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়া নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। বিমা বিশেষজ্ঞরা জানিয়েছেন, E20 জ্বালানি ব্যবহারের কারণে সরাসরি বিমা বাতিল হওয়ার কোনো নিয়ম নেই, তবে শর্ত সাপেক্ষে ইঞ্জিনের ক্ষতির ক্ষেত্রে বিমার টাকা বা ক্লেম পাওয়া নিয়ে জটিলতা তৈরি হতে পারে। গাড়ির ম্যানুয়ালে যদি ‘E10 Only’ উল্লেখ থাকে এবং মালিক তবুও E20 জ্বালানি ব্যবহার করেন, তবে ইঞ্জিনের ক্ষতি হলে কোম্পানি সেটিকে গ্রাহকের ভুল হিসেবে গণ্য করবে এবং বিমা দাবি খারিজ করতে পারে।

গাড়ির ইঞ্জিন ও তৈরির সময়ের ওপর ভিত্তি করে E20 ব্যবহারের ঝুঁকি নির্ধারিত হয়। ১ এপ্রিল ২০২৩-এর পর তৈরি হওয়া BS6 Phase 2 গাড়িগুলো পুরোপুরি E20 উপযোগী। কিন্তু ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে তৈরি BS4 ও BS6 Phase 1 গাড়িগুলো মূলত E10 উপযোগী, যেগুলোতে দীর্ঘমেয়াদে E20 ব্যবহার করলে ফুয়েল পাইপ ও সিল নষ্ট হতে পারে। এছাড়া ২০০৯ সালের আগের কার্বুরেটর ইঞ্জিনচালিত গাড়িগুলো কোনোভাবেই E20 জ্বালানির উপযুক্ত নয়। দূষণ কমালেও এই জ্বালানি পুরনো গাড়ির ফুয়েল ট্যাঙ্কে মরচে ধরা বা মাইলেজ হ্রাসের কারণ হতে পারে, তাই চালকদের ম্যানুয়াল দেখে গাড়ির উপযোগিতা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *