জুলাইতেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা, মহিলাদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
রাজ্যের মহিলাদের জন্য বড় সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ফলতা বিধানসভা এলাকার এক সরকারি অনুষ্ঠানে তিনি ঘোষণা করেন যে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা আগামী ১ জুলাইয়ের মধ্যে ১ কোটি ৫ লক্ষ নতুন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই সুবিধাভোগীরা চলতি জুন মাসের প্রাপ্য ৩ হাজার টাকা পাবেন। এর আগে গত ৩ জুন প্রথম দফায় ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে এই প্রকল্পের অর্থ পাঠানো হয়েছিল।
মুখ্যমন্ত্রী জানান, এই ১ কোটি ৫ লক্ষ মহিলার আবেদনপত্র যাচাইকরণ সম্পন্ন করে সরকারি পোর্টালে আপলোড করা হয়েছে। যারা এখনও নাম নথিভুক্ত করতে পারেননি, তাদের স্থানীয় ‘জনকল্যাণ শিবিরে’ গিয়ে ফর্ম পূরণের আহ্বান জানিয়েছেন তিনি। প্রয়োজনে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়েও এতে সহযোগিতা করবেন। এছাড়া আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করা হবে, যেখানে নারী ছাড়াও যুবক-যুবতী, সরকারি কর্মচারী, চাকরিপ্রার্থী এবং কৃষকদের জন্য নতুন কর্মসূচির ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।