আয়ুষ্মান ভারত কার্ড পেতে আপনার যা যা প্রয়োজন!
পশ্চিমবঙ্গে নতুন সরকারের উদ্যোগে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর পর থেকে রাজ্যজুড়ে কার্ড তৈরির জন্য সাধারণ মানুষের ভিড় বাড়ছে। এই প্রকল্পের মাধ্যমে সুবিধাভোগী পরিবারগুলি প্রতি বছর সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাবেন। রাজ্য ও দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হার্ট, স্নায়ু ও কিডনির মতো জটিল রোগের চিকিৎসা, ওষুধের খরচ এবং শারীরিক পরীক্ষার খরচ এই প্রকল্পের আওতায় পাওয়া যাবে। অনলাইন আবেদনের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণ শিবিরেও এই কার্ডের জন্য আবেদন করা যাচ্ছে।
আবেদনকারীদের পারিবারিক পরিচয়পত্র, রেশন কার্ড, যেকোনো একটি সরকারি পরিচয়পত্র এবং একটি সচল মোবাইল নম্বর সঙ্গে রাখা বাধ্যতামূলক। প্রকল্পের সুবিধা শুধুমাত্র নির্দিষ্ট আয় ও সামাজিক ক্যাটাগরির মানুষ পাবেন। বার্ষিক আড়াই লক্ষ টাকার কম আয়সম্পন্ন পরিবার, ভূমিহীন ব্যক্তি, দিনমজুর, কাঁচা ও এক কামরার বাড়িতে বসবাসকারী পরিবার, তফশিলি জাতি ও উপজাতিভুক্ত মানুষ এবং উপার্জনক্ষম সদস্যহীন পরিবার এই কার্ডের আবেদন করতে পারবেন। এছাড়া ৭০ উর্ধ্ব প্রবীণ নাগরিকরাও এই প্রকল্পের আওতাভুক্ত। আগ্রহী ব্যক্তিরা abdm.gov.in-এ গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড তৈরির মাধ্যমে ডিজিটাল কার্ড ডাউনলোড করতে পারেন।