চলন্ত ট্রেনে তরুণীর শ্লীলতাহানি! ভিডিও দেখে শিউরে উঠছে নেটপাড়া
কোরবা-তিরুবনন্তপুরম এক্সপ্রেসের এস-১ স্লিপার কোচে এক তরুণীকে হেনস্থা ও শ্লীলতাহানির ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রেনের কামরায় যাত্রীসংখ্যা কম থাকার সুযোগ নিয়ে এক অজ্ঞাতপরিচয় যুবক তরুণীর ওপর এই পৈশাচিক নির্যাতন চালায়। ঘটনার সময় ভুক্তভোগী তরুণী অসীম সাহসিকতার পরিচয় দিয়ে পুরো ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে বিষয়টি প্রকাশ্যে আসে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, কামরাটি ফাঁকা থাকার সুযোগে যুবকটি প্রথমে তাঁর পা স্পর্শ করে অশালীন আচরণ শুরু করে। এরপর সে বিবস্ত্র হয়ে চরম আপত্তিকর অঙ্গভঙ্গি করতে থাকে এবং নিজের শরীরের লোম উপড়ে তরুণীর সিটের ওপর ছিটিয়ে দিয়ে বিকৃত মানসিকতার পরিচয় দেয়। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত কামরায় নারী নিরাপত্তা ও রেলের নজরদারি ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। রেল কর্তৃপক্ষের উদাসীনতা ও আরপিএফ-এর টহলদারি না থাকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নেটিজেনরা।