মোদির অনুপ্রেরণায় ‘ধুরন্ধর’ ছবির চিত্রনাট্য? জল্পনা উড়িয়ে মুখ খুললেন খোদ রাকেশ বেদী!
‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির ছবির চিত্রনাট্য নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর বা পিএমও-র সংশ্লিষ্টতা নিয়ে চলা জল্পনা ও বিতর্ক নাকচ করে দিলেন এই সিরিজের জনপ্রিয় অভিনেতা রাকেশ বেদী। দিল্লিতে আয়োজিত ‘অমৃত রত্ন ২০২৬’ সামিটে যোগ দিয়ে তিনি জানান, ছবি সুপারহিট হওয়ার পর একে প্রধানমন্ত্রীর দ্বারা অনুপ্রাণিত বা তাঁর লেখা হিসেবে দাবি করাটা সম্পূর্ণ ভ্রান্ত এবং হাস্যকর। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর দপ্তরের কোনো কর্মকর্তা এমন সিনেমাটিক চিত্রনাট্য লিখতে পারেন কি না, তা নিয়েও তিনি প্রশ্ন তোলেন।
উল্লেখ্য যে, ‘ধুরন্ধর’ ছবিতে ভারতের প্রধানমন্ত্রীর নোটবন্দিসহ বিভিন্ন সময়ের বাস্তব বক্তৃতার অংশ সরাসরি ব্যবহার এবং পাকিস্তানবিরোধী বার্তার কারণে শুরু থেকেই ছবিটি রাজনৈতিক বিতর্কের মুখে পড়েছে। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানের অভিযোগ, ভারতের শাসকদলের দৃষ্টিভঙ্গির অনুসারেই ছবিটির গল্প সাজানো হয়েছে, যা নিয়ে বলিউডের অন্দরেও তৈরি হয়েছিল মতভেদ। তবে রাজনৈতিক বিতর্কের মাঝেও অভিনেতা রাকেশ বেদীর ‘জামিল জামালি’ চরিত্র এবং ছবির টানটান নির্মাণের কারণে দর্শক মহলে এর ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে।