পাকিস্তানে শিখ দম্পতিকে নির্মম হত্যা, তীব্র নিন্দায় উত্তাল ভারত!

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মারদান জেলায় একটি গুরুদুয়ারা থেকে প্রবীণ শিখ দম্পতি জগন্নাথ (৭০) ও তাঁর স্ত্রী আসমা ওয়ান্টির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁরা পেশোয়ার থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ওই গুরুদুয়ারার তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার তিন দিন পর পুলিশ প্রধান সন্দেহভাজন শের শাহ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। হামলাকারীরা হত্যাকাণ্ডের পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ ও কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্টের যৌথ তদন্তকারী দল (জেআইটি) জানিয়েছে, এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের পেছনে কোনো নিষিদ্ধ গোষ্ঠী বা সন্ত্রাসবাদী সংগঠনের সম্পৃক্ততা পাওয়া যায়নি এবং এর স্পষ্ট উদ্দেশ্য এখনো উদঘাটিত হয়নি। তবে ঘটনার সময় গুরুদুয়ারার সুরক্ষায় নিয়োজিত পুলিশ প্রহরীর অনুপস্থিতি এবং সিসিটিভি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার অচল থাকার বিষয়টি বড় ধরনের নিরাপত্তা গাফিলতি হিসেবে চিহ্নিত হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অকাল তখতের প্রধান পুরোহিত জ্ঞানী কুলদীপ সিং গর্গাজ অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক তরুণ চুঘ পাকিস্তানের সংখ্যালঘু সুরক্ষায় ব্যর্থতার সমালোচনা করে ১৯৫০ সালের নেহরু-লিয়াকত চুক্তির শর্ত পালনে দেশটির ব্যর্থতার কথা তুলে ধরেছেন। ধারণা করা হচ্ছে, এই নৃশংস হত্যাকাণ্ড দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে অস্বস্তি সৃষ্টি করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *