কথা রাখলেন মুখ্যমন্ত্রী, রাজ্যে চালু হচ্ছে তিনটি নতুন মেডিক্যাল কলেজ!
আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ দিনাজপুর জেলায় নতুন মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। যে সমস্ত জেলায় এখনও মেডিক্যাল কলেজ নেই, সেখানে দ্রুত উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রতিটি কলেজে ১০০টি করে মোট ৩০০টি নতুন আসন যুক্ত হবে এবং প্রান্তিক অঞ্চলের মানুষ বাড়ির কাছে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।
পশ্চিমবঙ্গ মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের (WBMSCL) নির্দেশে সংশ্লিষ্ট জেলাগুলোর মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা ইতিমধ্যেই জমি নির্বাচনের কাজ শুরু করেছেন। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, ৪২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং চিকিৎসক, অধ্যাপক ও শিক্ষার্থীদের আবাসনের জন্য হাসপাতাল থেকে সর্বাধিক ১০ কিলোমিটার দূরত্বের মধ্যে প্রায় ২০ একর জমির প্রয়োজন। পাশাপাশি, সরকারি হাসপাতালে রেফার সংস্কৃতি বন্ধ করা এবং সুলভে ওষুধ পৌঁছে দিতে রাজ্যে ৪ শতাধিক ‘প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র’ খোলার প্রক্রিয়াও শুরু হয়েছে।