প্রথম রাজ্য বাজেটেই কি কপাল খুলবে শিক্ষকদের, ডিএ-র সঙ্গে মিলবে বড় উপহার?

আগামী ২২ জুন পশ্চিমবঙ্গের নতুন সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ হতে চলেছে। এই বাজেটকে ঘিরে সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের প্রত্যাশা তুঙ্গে। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ও সপ্তম বেতন কমিশনের পাশাপাশি এবার রাজ্য বাজেটে শিক্ষক মহলের প্রধান নজর রয়েছে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য সরকারি স্বাস্থ্য প্রকল্প চালুর ঘোষণার দিকে।
প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক, শিক্ষাকর্মী ও লাইব্রেরিয়ানদের জন্য ‘ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম’ (ডব্লিউবিএইচএস) চালুর দাবি দীর্ঘদিনের। ২০০৮ ও ২০১৪ সালে যথাক্রমে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য এই সুবিধা চালু হলেও শিক্ষকেরা এখন পর্যন্ত এর আওতার বাইরে। গত ২৯ মে ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’-এর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব এবং অর্থ সচিবের কাছে এই দাবিতে লিখিত আবেদন জানানো হয়েছে। বর্তমানে ডিএ নিয়ে ইতিবাচক সংকেতের পাশাপাশি এই স্বাস্থ্য প্রকল্প চালু হলে রাজ্যের লাখ লাখ শিক্ষক ও তাঁদের পরিবারের সামাজিক ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।