কলকাতায় বিজেপির মেগা কর্মশালা, শুভেন্দুদের কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রীরা!

রাজ্যে প্রশাসনিক কাজের গতি বাড়াতে ও সুশাসন নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিজেপি। বৃহস্পতিবার সন্ধ্যায় কলকাতার বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল, সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মন্ত্রীদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং দলের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রাখাই ছিল এই কর্মশালার মূল লক্ষ্য।
কর্মশালায় মন্ত্রীদের জন্য একাধিক কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে, যার মধ্যে সরকারি ফাইল বা জনকল্যাণমূলক কাজ অযথা আটকে না রাখার বিষয়টি অন্যতম। এছাড়া সরকারের উন্নয়নের তহবিল যাতে অব্যবহৃত না থাকে এবং জেলা স্তর থেকে আসা মানুষের দাবি ও সমস্যা দ্রুত সমাধান করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিরোধীদের যাতে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না থাকে, সেই ভাবমূর্তি বজায় রেখে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশাসনিক দক্ষতা বাড়ানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প দ্রুত বাস্তবায়নের ওপরও বৈঠকে বিশেষ জোর দেওয়া হয়েছে। সরকারি ফাইল দ্রুত নিষ্পত্তি এবং বিভিন্ন দফতরের মধ্যে কাজের সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উল্লেখ্য, এই বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রীর আসন্ন রাজ্য সফর ও তার প্রস্তুতি নিয়েও দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতাদের মধ্যে একটি আলাদা বৈঠক সম্পন্ন হয়েছে।