তছনছ উত্তরবঙ্গ, বৃষ্টিতে ধুয়ে গেল দুধিয়া সেতু!

বৃহস্পতিবার রাত থেকে উত্তরবঙ্গ জুড়ে টানা প্রবল বর্ষণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পাহাড়ি এলাকায় ব্যাপক ধস এবং নদীতে জলস্তর বৃদ্ধির কারণে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বালাসন নদীতে পাহাড়ি ঢলের তোড়ে দুধিয়া এলাকার অস্থায়ী সংযোগ সেতুটি ভেসে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। পাশাপাশি, ১০ নম্বর ও ১১০ নম্বর জাতীয় সড়কে ধস এবং গাছ পড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ায় দার্জিলিং ও সিকিমমুখী যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।
অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের ধস পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় অর্থনীতি ও পর্যটন শিল্প গভীর সংকটের মুখে পড়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম এবং আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই অবস্থায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে এবং আগামীকালের জন্য ‘রেড অ্যালার্ট’ ঘোষণা করা হয়েছে। দুর্যোগপূর্ণ এই পরিস্থিতিতে প্রশাসন পাহাড়ের বাসিন্দা ও পর্যটকদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চরম সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে।