বৃষ্টিভেজা সকালে মর্মান্তিক মৃত্যু, বিদ্যুতস্পৃষ্ট হয়ে ঝরে গেল দম্পতির প্রাণ!
মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার মোড় এলাকায় শুক্রবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। মৃতরা হলেন ইটভাটা শ্রমিক রাকিব শেখ (৩৫) ও তাঁর স্ত্রী শিখা বিবি (৩০)। জানা যায়, শুক্রবার সকাল থেকে প্রবল বৃষ্টির মধ্যে বাড়ির উঠোনে কাপড় মেলার লোহার তারে হাত দিতে গিয়ে প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাঁকে বাঁচাতে গিয়ে অপরজনও বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়-বৃষ্টির কারণে ওই দম্পতির ঘরের বিদ্যুৎবাহী তারের একটি অংশ ছিঁড়ে বাড়ির টিনের চালার সঙ্গে যুক্ত লোহার তারের সংস্পর্শে ছিল। ঘটনার সময় তাঁদের নাবালিকা কন্যা স্কুলে থাকায় সে অক্ষত রয়েছে। পরে প্রতিবেশীরা তাঁদের উঠোনে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। দৌলতাবাদ থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।