বাংলায় স্বাস্থ্য ও পর্যটনে জোড়া চমক, আসছে নতুন ৩ মেডিক্যাল কলেজ ও ডলফিন পার্ক!
রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন ও পর্যটন শিল্পের প্রসারে বড় পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। নতুন তিনটি সরকারি মেডিক্যাল কলেজ স্থাপনের পাশাপাশি হুগলি নদী সংলগ্ন এলাকায় দুটি ডলফিন পার্ক তৈরির মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় নতুন মেডিক্যাল কলেজগুলো নির্মাণের প্রক্রিয়া শুরু করেছে পশ্চিমবঙ্গ মেডিকেল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেড (ডাব্লিউবিএমএসসিএল)। জাতীয় মেডিক্যাল কমিশনের নির্দেশিকা অনুযায়ী, প্রতিটি হাসপাতালে কমপক্ষে ৪২০টি বেড থাকবে এবং এই উদ্যোগের ফলে রাজ্যে এমবিবিএস কোর্সে ৩০০টি নতুন আসন যুক্ত হবে। জেলা প্রশাসনকে ইতিমধ্যে জমি চিহ্নিতকরণের নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশবান্ধব পর্যটনকে উৎসাহিত করতে কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে হুগলি নদী বরাবর দুটি ডলফিন পার্ক গড়ে তোলা হবে। এর মধ্যে একটি পার্ক কাঁথিতে নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্যটির স্থান নির্বাচন প্রক্রিয়া চলমান রয়েছে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর আধুনিকীকরণ এবং পর্যটনের এই প্রসার গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারের পাশাপাশি কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।