রেলপথে নাশকতার ছক বানচাল, মালয়েশিয়া থেকে ভারতে ফিরল দুই খলিস্তানি জঙ্গি!
পাঞ্জাবে বড় ধরনের নাশকতার ছক বানচাল করে দুই খলিস্তানি জঙ্গিকে দেশে ফিরিয়ে এনেছে ভারতীয় নিরাপত্তা সংস্থা। দীর্ঘদিন ধরে পলাতক অভিযুক্ত গুরদয়াল সিং এবং অমরপ্রীত সিং মালয়েশিয়ায় আত্মগোপন করেছিলেন। আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই দুই জঙ্গিকে দেশে ফিরিয়ে আনাকে ভারতের গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
এনআইএ এবং গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, নিষিদ্ধ খলিস্তানি সংগঠনের সঙ্গে যুক্ত এই ব্যক্তিরা বিদেশের মাটিতে বসে ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ পরিচালনা করছিল। পাঞ্জাবের রেল করিডর ক্ষতিগ্রস্ত করা, বিস্ফোরক সরবরাহ এবং স্থানীয় নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে রাজ্যে অস্থিরতা তৈরির পরিকল্পনা ছিল তাদের। ভারত সরকারের তৎপরতায় মালয়েশিয়া প্রশাসন তাদের আটক করে এবং আইনি প্রক্রিয়া শেষে ভারতে প্রত্যর্পণ করে। বর্তমানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে, যার মাধ্যমে খলিস্তানি নেটওয়ার্কের অর্থায়ন ও বিদেশের মাটিতে তাদের অন্যান্য সহযোগী সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।