তৃণমূলের অঢেল কালো টাকার হদিস! তদন্তের দাবিতে পুলিশের দ্বারস্থ বিদ্রোহী বিধায়করা
তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ বেআইনি অর্থ জমা থাকার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার থানায় দায়ের হয়েছে এফআইআর। দলেরই এক বিদ্রোহী বিধায়ক এই অভিযোগ দায়ের করেছেন। অভিযোগকারীর দাবি, পদ ও ক্ষমতার অপব্যবহার করে অবৈধ উপায়ে অর্জিত টাকা ওই অ্যাকাউন্টগুলিতে জমা রাখা হয়েছে। ডিজিটাল ও অনলাইন ব্যাঙ্কিংয়ের মাধ্যমে প্রমাণ লোপাটের আশঙ্কা প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন তিনি। জানা গেছে, তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস আইনি জটিলতা এড়াতে দলের সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর লেনদেন বন্ধ করার অনুরোধ জানিয়েছিলেন। বর্তমানে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, অভিযোগ ওঠা অ্যাকাউন্টগুলোর একটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এবং বাকি দু’টি ত্রিপুরার ও গোয়া শাখার নামে নথিভুক্ত। এর মধ্যে গোয়া শাখার অ্যাকাউন্টটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ ২০২২ সালের বিধানসভা নির্বাচনে একটি আসন না পেয়েও ওই রাজ্যে তৃণমূল ৪৭ কোটি ৫৪ লক্ষ টাকা খরচ করেছিল। গোয়ায় ভোট পরিচালনার দায়িত্বে থাকা আইপ্যাকের অ্যাকাউন্টে কয়লা পাচারের টাকা ঢোকার অভিযোগ এনে আগেই তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলার সূত্র ধরে দলের শীর্ষ নেতৃত্ব এখন কেন্দ্রীয় ও রাজ্য স্তরের তদন্তকারী সংস্থার কঠোর নজরদারির মুখে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।