ভিন রাজ্যে গা ঢাকা দিয়েও শেষরক্ষা হল না, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু!
তোলাবাজি, হুমকি ও সরকারি ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক রামেন্দু সিংহ রায়কে কর্ণাটক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি গা ঢাকা দিয়েছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে তারকেশ্বর থানার পুলিশের একটি বিশেষ দল কর্ণাটকে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। বর্তমানে তাঁকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া চলছে।
গত ১১ জুন ধনিয়াখালির কোটালপুর এলাকায় প্রাক্তন বিধায়কের মালিকানাধীন একটি বিএড কলেজে পুলিশি তল্লাশিতে বিপুল পরিমাণ সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার হয়। এই ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের হবার পরেই তিনি নিখোঁজ হন। আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি রামেন্দু সিংহ রায়ের এই গ্রেপ্তারির ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে আরামবাগ পুরসভার তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দীকেও কেরল থেকে গ্রেপ্তার করেছিল হুগলি গ্রামীণ পুলিশ। শাসক দলের শীর্ষ স্তরের নেতাদের একের পর এক গ্রেপ্তারিতে দলের অন্দরে অস্বস্তি ও নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে।