ইউপিআই-এর মাধ্যমে এখন কয়েক মুহূর্তেই তুলুন পিএফ-এর টাকা, জানুন সহজ পদ্ধতি!
প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) জমানো টাকা তোলার প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) সঙ্গে যৌথ উদ্যোগে ‘ইপিএফও ৩.০’ চালু করেছে ইপিএফও। এই নতুন ব্যবস্থার ফলে এখন থেকে ইউপিআই (UPI)-এর মাধ্যমে গ্রাহকরা তাদের পিএফ-এর টাকা তুলতে পারবেন। এই উদ্যোগের মাধ্যমে চাকরিজীবীদের অর্থ তোলার দীর্ঘসূত্রতা কমবে এবং জরুরি প্রয়োজনে ঝামেলাহীনভাবে জমানো অর্থ হাতে পাওয়া সম্ভব হবে।
ইউপিআই-এর মাধ্যমে টাকা তোলার জন্য গ্রাহককে প্রথমে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বরের (UAN) সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এবং ইপিএফও পোর্টালে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আইএফএসসি কোড সঠিকভাবে যাচাই করতে হবে। এ ক্ষেত্রে আধার, প্যান এবং ইপিএফও রেকর্ডে নাম ও জন্মতারিখের তথ্যে সামঞ্জস্য থাকা বাধ্যতামূলক। পাশাপাশি, গ্রাহকদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইউপিআই আইডি সেট আপ এবং ডিজিলকারে (DigiLocker) অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে। সম্পূর্ণ প্রক্রিয়াটি ওটিপি (OTP) ভেরিফিকেশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে, তাই পোর্টালে যুক্ত মোবাইল নম্বরটি সবসময় সচল রাখা প্রয়োজন।