রাজনীতির ব্যস্ততা ভুলে ফের বিয়ের পিঁড়িতে বিপ্লব দেব!

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিজেপি সাংসদ বিপ্লব কুমার দেব দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন। প্রথম পক্ষের স্ত্রী নীতি দেবের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর দীর্ঘ সময় একাকী জীবন অতিবাহিত করার পর তিনি এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছেন। আগামী ২৪ জুন ত্রিপুরার একটি পাঁচতারা হোটেলে তাঁর বিয়ের রিসেপশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জানা গেছে, তাঁর হবু স্ত্রী মূলত হায়দরাবাদের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথম পক্ষের দুই সন্তানের জনক বিপ্লব দেব মায়ের অনুরোধ ও ইচ্ছাকে সম্মান জানিয়েই পুনরায় সংসার জীবনে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। রাজনৈতিক ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় থাকা এই নেতার ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় শুরু হওয়ার খবরটি বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ২০১৬ সালে ত্রিপুরার বিজেপি সভাপতি হওয়া থেকে শুরু করে মুখ্যমন্ত্রী ও পরবর্তীতে লোকসভা সাংসদ হিসেবে দায়িত্ব পালন করা বিপ্লব দেব বর্তমানে পশ্চিমবঙ্গের নির্বাচনে বিজেপির সহকারী পর্যবেক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।