রেলে বিনা টিকিটে ভ্রমণ? এবার গুনতে হবে দ্বিগুণ জরিমানা!
রেলে টিকিট ফাঁকি দেওয়া এবং যাত্রী সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে একগুচ্ছ কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ। ‘জনবিশ্বাস বিধি ২০২৬’ অনুযায়ী আজ থেকে দেশজুড়ে কার্যকর হওয়া এই নতুন নির্দেশিকা অনুযায়ী, বিনা টিকিটে ভ্রমণের জরিমানা ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। রেলের রাজস্ব ক্ষতি কমানো এবং অননুমোদিত ভ্রমণকারীদের নিরুৎসাহিত করতেই এই বাড়তি জরিমানার ব্যবস্থা করা হয়েছে।
পাশাপাশি ট্রেনের পরিবেশ ও সুরক্ষায় বেশ কিছু কড়াকড়ি আরোপ করা হয়েছে। এখন থেকে ট্রেনে অবৈধ হকারি করলে ২ হাজার টাকা, লেডিস কামরায় অনধিকার প্রবেশ করলে আড়াই হাজার টাকা এবং অন্যের টিকিটে যাত্রা করলে ৫০০ টাকা জরিমানা গুনতে হবে। এছাড়া ট্রেনে থুতু ফেলা, মদ্যপান বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ১ হাজার টাকা জরিমানা করা হবে, যা পুনরায় ঘটলে ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা বা কারাদণ্ড হতে পারে। ধূমপান নিষিদ্ধ করার লক্ষ্যে জরিমানার পরিমাণ ২ হাজার টাকা এবং ট্রেনে বিপজ্জনক সামগ্রী বহন করলে ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।