বঙ্গবাংলাকে অনাথ করে কংগ্রেসের বিদায়, মোদীর কণ্ঠে বাঙালি হিন্দুর অস্মিতা!

রাজ্যের প্রথম সরকারি ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের মঞ্চ থেকে বাঙালির ইতিহাস ও আত্মপরিচয়কে কেন্দ্র করে অতীতের শাসকদলগুলোর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার হুগলির তারকেশ্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিং’, নোয়াখালির দাঙ্গা এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে রাজনৈতিক উদাসীনতার কারণে বাংলার এই রক্তক্ষয়ী ইতিহাস সাধারণ মানুষের চোখের আড়ালে রাখা হয়েছিল।

কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রীর দাবি, দেশভাগের সময় কংগ্রেস বাংলাকে অনাথের মতো ফেলে রেখেছিল এবং সেই সংকটের মুহূর্তে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দৃঢ় নেতৃত্বেই পশ্চিমবঙ্গকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চক্রান্ত ব্যর্থ হয়। বর্তমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি জানান, পূর্বতন সরকারের দুর্নীতির ক্ষত কাটিয়ে রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার কৃষি, মৎস্যপালন ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই বার্তার মূল লক্ষ্য রাজ্যের নতুন সরকারের অবস্থান মজবুত করা এবং বাঙালি হিন্দুর সাংস্কৃতিক অস্মিতাকে জাগিয়ে তোলা। তারকেশ্বরের কর্মসূচি শেষে কলকাতায় ফিরে প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় মিলেনিয়াম পার্কে ‘যোগ কার্নিভ্যাল’-এ যোগ দেন। এছাড়া রবিবার সকালে রেড রোডে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানেও তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *