২২ কাঠা জমি দখলের অভিযোগ! সুরুচি সঙ্ঘের পুজো কি এবার বন্ধ হবে?
কলকাতার ঐতিহ্যবাহী দুর্গাপুজো আয়োজক সুরুচি সঙ্ঘের দখলকৃত জমি অবিলম্বে খালি করার জন্য আইনি নোটিস পাঠাল লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি)। রাজ্য বিধানসভার প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস ও স্বরূপ বিশ্বাসের সঙ্গে যুক্ত এই পুজো কমিটির ব্যবহৃত ২২ কাঠা জমি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে বলে অভিযোগ সংস্থার। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে এই জমি খালি না করলে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে নোটিসে।
জমি উদ্ধারের এই তৎপরতাকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপির বিধায়ক রুদ্রনীল ঘোষ এই ঘটনাকে ‘দখলদারির রাজনীতি’ বলে আখ্যা দিয়ে অরূপ ও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তুলেছেন। অন্যদিকে, নোটিস ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে এবং ইতিমধ্যেই ক্লাবের দেওয়ালে সাঁটানো নোটিসের দুটি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। নির্ধারিত সময়ের মধ্যে জমি খালি না হলে আইনি সংঘাতের জেরে কলকাতার অন্যতম এই হাইপ্রোফাইল পুজোর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।