অপারেশন থিয়েটারে জুনিয়রদের চরম হেনস্থা! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড ৬ সিনিয়র

গুজরাতের ভাবনগর সরকারি মেডিক্যাল কলেজে (জিএমসি) অপারেশন থিয়েটারের ভেতরে জুনিয়র চিকিৎসকদের ওপর অমানবিক র‍্যাগিংয়ের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। স্যার টি হাসপাতালের অর্থোপেডিক বিভাগের ৬ জন সিনিয়র শিক্ষার্থীর বিরুদ্ধে প্রথম বর্ষের ১৩ জন স্নাতকোত্তর রেসিডেন্ট চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মানসিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠেছে। অপারেশন থিয়েটারের মতো সংবেদনশীল স্থানে জুনিয়রদের ‘মুরগি’ বানিয়ে দাঁড় করিয়ে রাখা এবং সারারাত দাঁড়িয়ে থাকা ও প্রতি ঘণ্টায় সেলফি পাঠানোর মতো কঠোর নির্দেশ দেওয়ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজের ডিনের নেতৃত্বাধীন অ্যান্টি-র‍্যাগিং কমিটি দীর্ঘ বৈঠকের পর অভিযুক্ত ৬ জন সিনিয়র শিক্ষার্থীকে দোষী সাব্যস্ত করেছে। শাস্তিস্বরূপ তাদের ছয় মাস থেকে দুই বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে এবং অবিলম্বে হোস্টেল থেকে উচ্ছেদ করা হয়েছে। এই শাস্তির মেয়াদ চলাকালে তারা কোনো ক্লিনিক্যাল বা অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। চিকিৎসা শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিনের এই তথাকথিত র‍্যাগিং সংস্কৃতি বন্ধ এবং শিক্ষানবিশ চিকিৎসকদের মানসিক সুরক্ষা নিশ্চিত করার দাবি আরও জোরালো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *