আর্থিক অনটন হার মানল জেদের কাছে, হাবিলদার থেকে সেনার লেফটেন্যান্ট গুসকরার চিরঞ্জিত!

পূর্ব বর্ধমানের গুসকরা শহরের বাসিন্দা ২৮ বছর বয়সী চিরঞ্জিত বন্দ্যোপাধ্যায় ভারতীয় সেনার হাবিলদার পদ থেকে সরাসরি লেফটেন্যান্ট পদে উন্নীত হয়েছেন। চরম আর্থিক প্রতিকূলতাকে জয় করে তিনি আজ সাফল্যের এই শিখরে পৌঁছেছেন। গত ১৩ জুন ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমিতে চার বছরের কঠোর প্রশিক্ষণ শেষে তিনি লেফটেন্যান্ট হিসেবে উত্তীর্ণ হন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সাফল্যের শংসাপত্র গ্রহণ করেন। বর্তমানে তিনি শিখ রেজিমেন্টের শীর্ষ আধিকারিক হিসেবে রাঁচিতে দায়িত্বভার গ্রহণ করতে চলেছেন।

২০১৩ সালে উচ্চ মাধ্যমিক পাশের পর ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হলেও আর্থিক টানাপোড়েনের কারণে চিরঞ্জিতকে পড়া মাঝপথে ছাড়তে হয়েছিল। এরপর ২০১৫ সালে তিনি হাবিলদার পদে সেনাবাহিনীতে যোগ দেন। চাকরির পাশাপাশি নিরন্তর পড়াশোনা ও প্রস্তুতি চালিয়ে গিয়ে ২০২২ সালে তিনি ইউপিএসসি স্তরের এসএসবি পরীক্ষায় উত্তীর্ণ হন। তাঁর এই জীবন সংগ্রাম ও অদম্য জেদ আজ বহু তরুণের কাছে এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *