বিদ্রোহের আগুনে পুড়ছে উদ্ধবের ঘর, শিব সেনা একটাই!
মহারাষ্ট্রের রাজনীতিতে উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিব সেনায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। শনিবার কোলাপুরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন, বর্তমানে একনাথ শিণ্ডের দলই আসল শিব সেনা এবং এখন আর উদ্ধব শিবিরের কোনো অস্তিত্ব নেই। দলের অন্দরের এই সংকটের প্রেক্ষাপটে অমিত শাহের এমন মন্তব্য মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
বর্তমানে উদ্ধব শিবিরের লোকসভার ৯ জন সাংসদের মধ্যে ৬ জনই বিদ্রোহী হয়ে উঠেছেন। গত বৃহস্পতিবার দিল্লিতে দলের সংসদীয় বৈঠকে মাত্র ৩ জন সাংসদ উপস্থিত ছিলেন। বিদ্রোহী সাংসদদের অভিযোগ, কংগ্রেসের সঙ্গে জোট করে শিব সেনা তাদের মূল আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এবং দলটির কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিষয়টির প্রেক্ষিতে উদ্ধব ঠাকরে জানিয়েছেন, দলের কর্মীরা তাঁর নেতৃত্বের ওপর আস্থা হারালে তিনি দলের প্রধান পদ ছেড়ে দিতে প্রস্তুত। উল্লেখ্য, রাজনৈতিক মহলে দলের এই ভাঙনের পেছনে বিজেপি ও শিণ্ডে শিবিরের ‘অপারেশন টাইগার’কে কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।