বিয়ের পিঁড়িতে বসার আগেই বিচ্ছেদ! ভাঙল ধনুশ ও ম্রুণালের সম্পর্ক
দক্ষিণী সুপারস্টার ধনুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেমের গুঞ্জনের মাঝে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে এসেছে। দীর্ঘ সময় ধরে এই দুই তারকাকে নিয়ে বলিপাড়ায় নানা জল্পনা চললেও, বিয়ের গুঞ্জনের পরিবর্তে আকস্মিক বিচ্ছেদের সিদ্ধান্ত বিনোদন জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চলতি বছরের শুরু থেকেই তাদের সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে চর্চা চললেও, শেষ পর্যন্ত অজানা কারণে এই জুটি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ভালোবাসা দিবসে ধনুশ ও ম্রুণালের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়লেও তা বাস্তবে রূপ নেয়নি। উল্লেখ্য, ২০২৪ সালে রজনীকান্তের কন্যা ঐশ্বর্যর সঙ্গে ধনুশের দীর্ঘ দুই দশকের দাম্পত্য জীবনের আইনি বিচ্ছেদ ঘটে। এরপরই ম্রুণালের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি সামনে আসে। তবে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন বা বিচ্ছেদ নিয়ে ধনুশ কিংবা ম্রুণাল—কেউই এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। বর্তমানে ধনুশ তার সাম্প্রতিক সিনেমা ‘কারা’-র সাফল্য নিয়ে ব্যস্ত থাকলেও এই তারকা যুগলের নীরবতায় ভক্তদের মধ্যে ধোঁয়াশা রয়ে গেছে।