চোরের হাতে দল ছাড়ব না! ভাঙন-জল্পনার মাঝেই ইস্তফার হুঁশিয়ারি উদ্ধবের
মহারাষ্ট্রের রাজনীতিতে দল ভাঙনের জল্পনার মধ্যেই দলের সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দিলেন শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরে। দলের ৬০তম প্রতিষ্ঠা দিবসের জনসভায় তিনি জানান, কর্মীদের আস্থা না থাকলে তিনি সরে দাঁড়াতে প্রস্তুত, তবে দলের রাশ কোনোভাবেই ‘চোরদের’ হাতে তুলে দেবেন না। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জয়ী দলের ছয় সাংসদের একনাথ শিন্ডে শিবিরে যোগ দেওয়ার গুঞ্জনের পরিপ্রেক্ষিতে, ওই সাংসদদের ভোট দেওয়া ভোটারদের কাছে প্রকাশ্য মঞ্চ থেকে ক্ষমাও চেয়েছেন তিনি।
দলের এই সংকটের জন্য বিজেপিকে দায়ী করে উদ্ধব ঠাকরে অভিযোগ করেন, বিজেপি পরিকল্পিতভাবে শিবসেনাকে ধ্বংস করতে চাইছে। সেই সঙ্গে তিনি কংগ্রেসের প্রশংসা করে বলেন, অতীতে কংগ্রেসের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক লড়াই থাকলেও তারা কখনো শিবসেনাকে শেষ করার চেষ্টা করেনি। দলীয় প্রতিষ্ঠা দিবসের এই কর্মসূচিতে সঞ্জয় দিনা পাতিল ও নাগেশ পাতিল আশতিকারসহ ছয় বিদ্রোহী সাংসদের অনুপস্থিতি এনডিএ শিবিরে তাদের যোগদানের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। তবে শিবসেনা কংগ্রেসের সঙ্গে মিশে যাবে—এমন জল্পনা নাকচ করে উদ্ধব জানিয়েছেন, দলের স্বতন্ত্র অস্তিত্ব বজায় রাখতে তিনি বদ্ধপরিকর।