নাম শুধু বদলালেই হবে না, ফুটবলটা এগোতে হবে! ফেডারেশনকে কড়া বার্তা সৃঞ্জয়ের
রবিবার ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে কলকাতার মোহনবাগান ক্লাবে আয়োজিত হলো বিশেষ যোগাভ্যাস কর্মসূচি। ক্লাবের সচিব সৃঞ্জয় বোস ও সভাপতি দেবাশিস দত্তের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে যোগ প্রশিক্ষক সন্দীপ পালের নির্দেশনায় বহু শিশু অংশ নেয়। সুস্থ ও নিরোগ থাকতে এই কর্মসূচির পাশাপাশি নিয়মিত যোগাভ্যাসের ওপর গুরুত্ব আরোপ করেছেন মোহনবাগান সভাপতি।
অনুষ্ঠানের ফাঁকে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নাম পরিবর্তন ও জাতীয় সঙ্গীতসংক্রান্ত নতুন প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া দেন সবুজ-মেরুন কর্তারা। ফেডারেশনের নাম বদলে ‘ফুটবল ফেডারেশন অফ ভারত’ রাখা ও ম্যাচের আগে ‘বন্দে মাতরম’ গাওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে সৃঞ্জয় বোস বলেন, কেবল নাম বা গান বদলালেই হবে না, বরং ফুটবলের প্রকৃত উন্নয়নে নজর দেওয়া প্রয়োজন। তিনি আরও উল্লেখ করেন যে, ভারতীয় ফুটবলের লক্ষ্য হওয়া উচিত বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম ১০০-এর মধ্যে উঠে আসা। এদিকে, ইস্টবেঙ্গল ক্লাব আলাদাভাবে এই দিবস পালন না করলেও রেড রোডের মূল অনুষ্ঠানে তাদের প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।