বিজেপির হয়ে মুসলিম ভোট কাটছেন হুমায়ূন! বিস্ফোরক অধীর চৌধুরী

মুর্শিদাবাদে আয়োজিত ‘পশ্চিমবঙ্গ দিবস’-এর সরকারি অনুষ্ঠানে বিজেপি মন্ত্রী গৌরী শঙ্কর ঘোষের সঙ্গে নওদার বিধায়ক হুমায়ুন কবীরের উপস্থিতি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী অভিযোগ করেছেন যে, হুমায়ুন কবীরের ‘আম জনতা উন্নয়ন পার্টি’ আসলে বিজেপিরই পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি দল। রবিবার বহরমপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরীর দাবি, রাজ্যে মুসলিম ভোট ভাগ করার উদ্দেশ্যেই বিজেপি এই কৌশল নিয়েছে। একই সঙ্গে তিনি বিজেপির বিরুদ্ধে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অভিযোগ তুলে বাবরি মসজিদ নির্মাণ নিয়েও সংশয় প্রকাশ করেছেন।

অধীর চৌধুরীর এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছেন হুমায়ুন কবীর। তিনি পাল্টা যুক্তি দিয়ে বলেন, বিজেপির সঙ্গে তার দল যদি কোনো বোঝাপড়া থাকত, তবে সরকার তার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিত না। জেলাশাসকের আমন্ত্রণেই তিনি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন। অন্যদিকে, বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মণ্ডল জানিয়েছেন, সরকারি অনুষ্ঠানে সব বিধায়ককেই আমন্ত্রণ জানানো হয়েছিল এবং সৌজন্য রক্ষার খাতিরেই হুমায়ুন কবীরকে ডাকা হয়েছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *