নিট পরীক্ষার্থীদের জন্য ৪৫ মিনিট অপেক্ষা করলেন মোদী!
নিট-ইউজি পরীক্ষা চলাকালীন যানজট এড়াতে বিমানবন্দরে ৪৫ মিনিট অপেক্ষা করলেন প্রধানমন্ত্রী
রবিবার দেশজুড়ে নিট-ইউজি (NEET-UG) রিটেস্ট চলাকালীন পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণত প্রধানমন্ত্রীর কনভয়ের জন্য ভিআইপি রুটে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হলেও, পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে তিনি দিল্লি বিমানবন্দর থেকে তাঁর বাসভবনে রওনা দেওয়া পিছিয়ে দেন। দুপুর ১টা ১৫ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি প্রায় ৪৫ মিনিট সেখানেই অপেক্ষা করেন, যাতে তাঁর কনভয়ের কারণে রাজধানীর রাস্তায় কোনো যানজট তৈরি না হয় এবং পরীক্ষার্থীরা সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন। দুপুর ২টায় পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে ঢুকে পড়লে তবেই তিনি বিমানবন্দর থেকে রওনা দেন।
উল্লেখ্য, আগের পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগের পর ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এবার অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা নিচ্ছে। দেশ ও বিদেশের প্রায় ৫,৪৪০টি কেন্দ্রে ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই রিটেস্টে অংশ নিচ্ছেন। জালিয়াতি রোধে পরীক্ষা কেন্দ্রগুলোতে ১.৩৮ লক্ষ সিসিটিভি ক্যামেরা ও ডিজিটাল নজরদারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে হাজার হাজার পর্যবেক্ষক।