তামিলনাড়ুতে বিষাক্ত গ্যাসে স্তব্ধ কারখানা, মৃতদের পরিবারে শোকের ছায়া!
তামিলনাড়ুর তিরুভাল্লুর জেলার পেরিয়াপালায়ম এলাকায় একটি সি-ফুড প্রক্রিয়াকরণ কারখানায় বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে অন্তত দুইজন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার ঘটা এই দুর্ঘটনায় আরও বহু শ্রমিক এবং স্থানীয় বাসিন্দা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, যাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্যাস নিঃসরণের ফলে আক্রান্তদের শ্বাসকষ্ট ও চোখের জ্বালার মতো সমস্যা দেখা দেওয়ায় তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ঘটনার পর পুলিশ, দমকল ও স্বাস্থ্য দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সতর্কতা হিসেবে কারখানার আশপাশের বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো ঘটনার কারণ অনুসন্ধানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় তিন সদস্যের একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট এবং তিন দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।