মাঝরাতে অগ্নিসংযোগ ও বোমাবাজি, উত্তাল দিনহাটায় ছাই তৃণমূল নেতার বাড়ি!

কোচবিহারের দিনহাটার পুটিমারি ১ গ্রাম পঞ্চায়েতের খারিজা বালাকুড়া এলাকায় শুক্রবার গভীর রাতে একদল দুষ্কৃতী ব্যাপক বোমাবাজি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা রফিকুল হক এবং বর্তমান পঞ্চায়েত সদস্য শাহানারা পারভিনের বাড়ি লক্ষ্য করে একের পর এক বোমা ছোঁড়া হয় এবং পরবর্তীতে পেট্রোল ঢেলে সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে বাড়িটির সমস্ত আসবাবপত্র ও মূল্যবান নথিপত্র ভস্মীভূত হয়েছে। একই রাতে অপর পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের বাড়িতেও ব্যাপক ভাঙচুর চালানো হয়।

ভোট-পরবর্তী সময়ে রফিকুল হক ও তাঁর স্ত্রী বাড়িতে না থাকার সুযোগ নিয়েই এই হামলা চালানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনো থমথমে পরিবেশ বিরাজ করছে। এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা নাকি ব্যক্তিগত পুরনো শত্রুতা কাজ করছে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরপর দুই জনপ্রতিনিধির বাড়িতে এই হামলার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *