ময়নাগুড়িতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা! ট্রাকের পেছনে বাসের ধাক্কায় মৃত ৫, আহত বহু
জলপাইগুড়ির ময়নাগুড়িতে রবিবার সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৫ জন নিহত এবং অন্তত ৩৯ জন যাত্রী আহত হয়েছেন। শিলিগুড়ি থেকে কোচবিহারগামী যাত্রীবোঝাই একটি বাস উল্লাডাবরি তিস্তা সেতুর কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থল ও হাসপাতালে নেওয়ার পথে পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শুভঙ্কর শীল (৩২), পম্পা দাস সাহা (২৬), যমুনা রায় (৪৯) ও সজল সরকার (২৬)-এর পরিচয় পাওয়া গেছে, তবে অপর একজনের পরিচয় এখনও জানা যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন এবং আহতদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতাল ও জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে ৩৯ জন আহতের মধ্যে ১৮ জন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে ১৫ জন পুরুষ, ১২ জন মহিলা ও ২ জন শিশু রয়েছে, যাদের মধ্যে তিন বছর বয়সী এক শিশুর অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে।