জব কার্ডের দাবিতে উত্তাল নন্দীগ্রাম, নেত্রীর বাড়ি ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ!
রাজ্যে ১০০ দিনের কাজ নতুন করে শুরু হতেই জব কার্ড আটকে রাখার অভিযোগে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ব্যাপক বিক্ষোভের ঘটনা ঘটেছে। রবিবার সকালে নন্দীগ্রামের খোদামবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের আমড়াতলা ১০০ নম্বর বুথ এলাকায় স্থানীয় সুপারভাইজার মঞ্জুরি গিরির বাড়ি ঘেরাও করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। উপভোক্তাদের অভিযোগ, কাজের অজুহাতে দীর্ঘদিন ধরেই তাঁদের জব কার্ডগুলো এই সুপারভাইজার নিজের কাছে আটকে রেখেছেন। বর্তমানে কাজ শুরু হলেও কার্ড ফেরত না পাওয়ায় তাঁরা চরম সমস্যায় পড়েছেন বলে জানান।
বিক্ষোভকারীদের দাবি, কার্ড ফেরত চাইতে গেলে অভিযুক্ত সুপারভাইজার তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মন্তব্য করেন। অন্যদিকে, মঞ্জুরি গিরি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে দাবি করেছেন যে, তিনি কারও কার্ড আটকে রাখেননি বা কোনো টাকা আত্মসাৎ করেননি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাটির তদন্ত শুরু করেছে প্রশাসন।