দলের টাকায় ভোটে জিতে এখন তদন্ত? সন্দীপনকে ‘বিশ্বাসঘাতক’ বলে তোপ কুণালের!
তৃণমূল কংগ্রেসের অন্দরের দ্বন্দ্ব এখন তুঙ্গে। দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তদন্তের দাবি জানানো বিদ্রোহী বিধায়কদের ‘বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, এন্টালির বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা প্রথমবার নির্বাচনে জেতার জন্য দলের ওই বিতর্কিত অ্যাকাউন্ট থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন। কুণাল ঘোষের দাবি, দলের প্রতীকে জিতে আজ সেই তহবিলের উৎস নিয়ে প্রশ্ন তোলা অবৈধ, তাই ওই টাকা অবিলম্বে নির্বাচন কমিশনের কাছে ফেরত দেওয়া উচিত।
অন্যদিকে, বিদ্রোহী বিধায়কদের নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলের তহবিলের উৎসের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এফআইআর (FIR) করেছেন। তাঁর অভিযোগ, সাধারণ কর্মীদের আইনি লড়াইয়ের জন্য টাকা না থাকলেও, দিল্লি যাতায়াতের চার্টার্ড ফ্লাইটে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। এই অস্থির পরিস্থিতির মধ্যেই তৃণমূলের প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস গত ১২ জুন সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজারকে চিঠি দিয়ে দলের সমস্ত অ্যাকাউন্ট থেকে ডেবিট লেনদেন বন্ধ রাখার জন্য আবেদন জানিয়েছেন। প্রসঙ্গত, দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৫৮ জন বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।