পাম্প হাউসে লুকিয়েও রেহাই পেলেন না পলাতক তৃণমূল নেতা, গণধোলাইয়ে উত্তাল এলাকা!
কোচবিহারের তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-২ গ্রাম পঞ্চায়েতের বাকলা এলাকায় ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত এক তৃণমূল নেতাকে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই ওই নেতা পলাতক ছিলেন। রবিবার গোপন সূত্রে খবর পেয়ে টাটেরকুঠি এলাকায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগের একটি পাম্প হাউস থেকে তাঁকে খুঁজে বের করেন স্থানীয় বাসিন্দারা। এরপর পাম্প হাউস থেকে টেনে-হিঁচড়ে বের করে ওই নেতার ওপর বেধড়ক মারধর চালানো হয়।
ঘটনার খবর পেয়ে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গুরুতর আহত অবস্থায় ওই নেতাকে উদ্ধার করে। বর্তমানে তাঁকে বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নতুন করে যাতে কোনো অশান্তি না ঘটে, সে জন্য সংশ্লিষ্ট এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।