রাজ্য বাজেটে বড় চমক, প্রতি বছর টেট ও ৫০ হাজার স্থায়ী পদে নিয়োগ!
আগামী সোমবার বিধানসভায় ২০২৬-২৭ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে এই বাজেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। রাজ্যের ঋণের বোঝা সামাল দেওয়ার পাশাপাশি যুব সম্প্রদায়ের কর্মসংস্থান সৃষ্টি এবং প্রান্তিক মানুষের সামাজিক সুরক্ষাই এই বাজেটের মূল লক্ষ্য হতে চলেছে।
কর্মসংস্থান বাড়াতে রাজ্য বাজেটে প্রায় ৫০ হাজার সরকারি স্থায়ী পদে নিয়োগ, প্রতি বছর শিক্ষক নিয়োগের পরীক্ষা পরিচালনা এবং পুলিশ বাহিনীতে বড় আকারের নিয়োগের ঘোষণা আসতে পারে। এছাড়া বেকার যুবক-যুবতীদের স্বাবলম্বী করতে কারিগরি সহায়তার পাশাপাশি শিল্পায়ন ও পর্যটন খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। অন্যদিকে, বকেয়া ১০০ দিনের কাজের জন্য ‘জি রাম জি’ খাতে ৭ থেকে ৮ হাজার কোটি টাকার তহবিল, ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু এবং ‘অন্নপূর্ণা যোজনা’র মাধ্যমে নারী-কল্যাণে বিশেষ বরাদ্দের সম্ভাবনা রয়েছে। গ্রামীণ পরিকাঠামো এবং নারী নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যেও পৃথক তহবিল ঘোষণার পরিকল্পনা রয়েছে নতুন বাজেটে।