বাজেটেই কি ডিএ নিয়ে বড় চমক, ১০ শতাংশ ভাতা বৃদ্ধির জোরালো সম্ভাবনা!
সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০২৬-২৭ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন। প্রায় ৮ লক্ষ কোটি টাকার ঋণের বোঝা সামলানোর পাশাপাশি নতুন সরকারের রাজনৈতিক সঙ্কল্প ও অগ্রাধিকার থাকছে এই বাজেটের মূল কেন্দ্রে। তবে এবারের বাজেট ঘিরে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে প্রত্যাশা তুঙ্গে। বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের ‘সঙ্কল্পপত্র’-এ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা এই বাজেটে কতটা বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর সকলের।
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৮ শতাংশ হারে ডিএ পেলেও রাজ্যের সরকারি কর্মচারীরা পাচ্ছেন ২২ শতাংশ, যার ফলে উভয় পক্ষের মধ্যে ৩৬ শতাংশের এক বিশাল ব্যবধান তৈরি হয়েছে। রাজকোষের বর্তমান সংকট সত্ত্বেও নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষা করতে অর্থমন্ত্রী এই বাজেটে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ডিএ বৃদ্ধির ঘোষণা করতে পারেন বলে নবান্ন ও বিভিন্ন কর্মী সংগঠন সূত্রে জল্পনা চলছে। একইসঙ্গে অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো সংশোধন ও স্থায়ী শূন্যপদ পূরণের দাবিও জোরালো হয়েছে। তবে ‘অন্নপূর্ণা যোজনার’ মতো সামাজিক প্রকল্পের বিপুল আর্থিক দায় এবং ঋণের বোঝা মাথায় নিয়ে ডিএ বৃদ্ধির এই সিদ্ধান্ত নতুন সরকারের জন্য একটি বড় অর্থনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।